Saturday, 24 September 2011

janmashthmi

হেমলক - বৃষ্টি ঝরাচ্ছে আকাশ , দু হাতে ।

পাঞ্চজন্য হাতে ঘুমিয়ে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ।

তাই , কুরুক্ষেত্র এখন নিজেই

অর্জুনের রথের সারথি। আপনি

কোথায় যাচ্ছেন বৃদ্ধ পিতামহ ?

ভুমি – পতাকা উড়ছে যে , আপনার ক্ষুব্ধ নিঃশ্বাসে !

কোন মৃগয়া , এই অবেলায় ...

বার্ধক্য যে আপনার রথের চাকায় !



শত পুত্রের জননী , গান্ধারী

পিছিয়ে কেন তুমি ? এই যুদ্ধ – ক্লান্ত ভূমি

বিষ এবং বিষাক্ত অণু পরমাণু ...

তুমি একমাত্র গর্ভাশয় , তোমারি একশত ডিম্বাণু ।

পরাও আজ তবে রক্ত – তিলক, কপালে

হে সুবর্ণা জননী !



দ্রোণাচার্য , আপনিও আসুন এগিয়ে

মনে আছে , সেই কতদিন আগে , কিভাবে

গুরুদক্ষিনা নিয়েছিলেন হাসিমুখে , এতোটুকু বুক কাঁপে নি আপনার ?

একলব্য নাম ছিল তার , দুরমুল্য ক্ষতস্থানে, আজো

শুকিয়ে অনভিজাত রক্ত !

গুরুদেব, শেষ অব্দি আপনিও অস্ত্র ত্যাগ করলেন নতমুখে ! অঙ্গীকার বদ্ধ পুরুষ ,

আজ আপনিও পরাজিত কুরুক্ষেত্র !





দাবানল জ্বলছে ।

অমৃত – কুম্ভ কাঁধে নিয়ে

বহুদিন পর পিতামহ ফিরছেন মহাভারতে । তাঁর

শ্বাস – বায়ু তে উড়ছে সততা , নিশ্চিন্তে

নির্ভীক ইশ্বর – কণা ভাসে বাতাসে । তরঙ্গে – তরঙ্গে

পাঞ্চজন্য উঠলো বেজে ... নিষ্কলুষ আকাশে

কালপুরুষ , হে শ্রীকৃষ্ণ ,

এবার আপনিও উঠুন জেগে ...

সেই কখন থেকে , আর্তস্বরে ,

পাঞ্চালী খুঁজছে আপনাকে !

No comments:

Post a Comment